নিউইয়র্কের সরকারি স্কুলে ‘চ্যাটজিপিটি’ এআই নিষিদ্ধ

৭ জানুয়ারি, ২০২৩ ১৯:৩১  
গত ৩০ নভেম্বর সবার জন্য উন্মুক্ত হয় যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’ উদ্ভাবিত ‘চ্যাটজিপিটি’। কিন্তু এর পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নতুন চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ নিয়ে শিক্ষাক্ষেত্রে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এর জেরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সরকারি স্কুলগুলোতে ছাত্র ও শিক্ষকদের জন্য ‘চ্যাটজিপিটি’ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ‘চ্যাটজিপিটি ছাত্রদের শেখার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে’ উল্লেখ করে বিভাগটির মুখপাত্র জেনা লাইলের বরাত দিয়ে গত ৩ জানুয়ারি ‘নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন’ আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা জারি করে খবর দিয়েছে বিজনেস ইনসাইডার। জেনা লাইল বলেছেন, ‘শিক্ষার্থীদের শিখনের ওপর নেতিবাচক প্রভাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটে ফলাফল হিসেবে দেখানো বিষয়বস্তুর নিরাপত্তা ও নির্ভুলতার বিষয়ে উদ্বেগের কারণে নিউইয়র্ক শহরের পাবলিক স্কুলগুলোর নেটওয়ার্ক এবং ডিভাইসগুলোতে চ্যাটজিপিটি অ্যাক্সেস সীমাবদ্ধ করা হয়েছে।’ লাইল আরও বলেন, ‘টুলটি প্রশ্নের দ্রুত এবং সহজ উত্তর দিতে সক্ষম হলেও এটি চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করে না। এসব দক্ষতা শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে আজীবন সাফল্যের জন্য অপরিহার্য।’ সম্প্রতি নিজস্ব সার্চ ইঞ্জিন ‘বিং’-এর নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। নতুন সংস্করণে ব্যবহার করা হবে চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। আগামী মার্চের শেষ নাগাদ নতুন এই ফিচার চালু করতে পারে মাইক্রোসফট। ওপেন এআইয়ের চ্যাটবটের আগের সংস্করণগুলো টাকা খরচ করে ব্যবহার করতে হলেও চ্যাটজিপিটি আপাতত বিনা খরচে ব্যবহার করা যাচ্ছে। অবশ্য প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু ব্যবহারকারীদের প্রতিক্রিয়া নেওয়ার সময়জুড়েই এই সুবিধা থাকবে। চ্যাটবটটির আগের সংস্করণগুলোকে ভুল প্রশ্ন করা হলেও কাল্পনিক কোনো উত্তর দিত। তবে নতুন এই সংস্করণ প্রশ্নের ভুল ধরতে সক্ষম। এমনকি কাল্পনিক উত্তর দেওয়ার সময়ও চ্যাটবটটি ব্যবহারকারীকে সতর্কবার্তা দেখায়। ইন্টারনেটে পাওয়া বিপুল কনটেন্ট ব্যবহারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাটিকে প্রশিক্ষণ দিয়েছে ওপেন এআই। তবে বেশির ভাগ ক্ষেত্রেই লেখকদের থেকে অনুমতি নেয়নি। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছিল প্রতিষ্ঠানটি।